দুই দশকের পর্যবেক্ষণ বলছে, বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জা এখন গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জ্বর, কাশি কিংবা তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে প্রতি ১০০ জনে প্রায় ১৩ জনের শরীরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতি মিলেছে।
একইসঙ্গে দেশে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সংক্রমণও উদ্বেগজনকভাবে বাড়ছে বলে পর্যবেক্ষণে উঠে এসেছে।
২০০৭ সাল থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক ডায়রিয়াজনিত রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) যৌথভাবে দেশে ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতির ওপর নজরদারি চালিয়ে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এই কার্যক্রমে সহায়তা দিয়ে আসছে।
মঙ্গলবার আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে দুই প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও গবেষকরা তাঁদের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) এবং সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। অনেক গবেষক ও বিজ্ঞানী মত দেন, ইনফ্লুয়েঞ্জা টিকা মানুষকে সুরক্ষা দেয়। তাই মার্চ মাসে বাংলাদেশের মানুষের এই টিকা নেওয়া উচিত বলে তাঁরা মনে করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ও আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ বলেন, আইইডিসিআর ও আইসিডিডিআরবি পরিচালিত যৌথ নজরদারি ব্যবস্থা বৈশ্বিক গুরুত্ব বহন করে এবং এটি বিশ্বব্যাপী রোগ নজরদারি ব্যবস্থাকে সহায়তা করছে। তিনি বলেন, টিকা নেওয়া ইনফ্লুয়েঞ্জা ঠেকানোর একটি উপায় হলেও স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা ও নিয়মিত হাত ধোয়ার মতো অভ্যাসও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
কোথায়, কীভাবে চলেছে নজরদারি
মূল প্রবন্ধ উপস্থাপনায় আইইডিসিআরের সহযোগী অধ্যাপক মোনালিসা নজরদারি কার্যক্রমের পটভূমি, পদ্ধতি ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি জানান, ২০১৯ সালে বাংলাদেশে ২ লাখ ৩৬ হাজার ৩৮০ জন ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০১১-১২ সালে দেশে ইনফ্লুয়েঞ্জায় মারা যান ১৬ হাজার ৮০৪ জন। তিনি বলেন, ইনফ্লুয়েঞ্জা দেশের অর্থনীতির ওপরও একটি বোঝা। বিশ্বের ১৩৮টি দেশে মোট ১৫৭টি জাতীয় ইনফ্লুয়েঞ্জা কেন্দ্র রয়েছে, যার একটি আইইডিসিআর।
গত ২০ বছর ধরে ঠাকুরগাঁও, নওগাঁ, সাতক্ষীরা, নরসিংদী, হবিগঞ্জ, কক্সবাজার, জয়পুরহাট ও পটুয়াখালী জেলা হাসপাতাল; যশোর ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল; গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল; কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল; চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল; দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিলেটের বেসরকারি জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল—এই ১৫টি সরকারি ও একটি বেসরকারি হাসপাতালে ইনফ্লুয়েঞ্জা উপসর্গ ও তীব্র শ্বাসকষ্টজনিত রোগীদের ওপর নজরদারি চালানো হয়েছে।
ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা জ্বর, কাশি, মাথাব্যথা ও শরীর ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি বা সংস্পর্শের মাধ্যমে এটি ছড়ায়। গত ২০ বছরে এসব হাসপাতালে মোট ১ লাখ ৭২ হাজার ৭৯২ জন রোগীকে নজরদারির আওতায় আনা হয়, যাঁদের সবাই জ্বর-কাশি বা তীব্র শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে এসেছিলেন।
প্রতিটি রোগীর নমুনা পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২২ হাজার ২৮৪ জন বা মোট রোগীর ১৩ শতাংশের শরীরে ইনফ্লুয়েঞ্জা শনাক্ত হয়। ৫ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে সংক্রমণের হার বেশি হলেও, ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুর হার তুলনামূলক বেশি দেখা গেছে।
কোন সময়ে বেশি ছড়ায়
সাধারণ ধারণা হলো, শীতকালেই ইনফ্লুয়েঞ্জা বেশি ছড়ায়—কিন্তু এই ধারণা ভুল। ২০ বছরের তথ্য-উপাত্ত তুলে ধরে আইসিডিডিআরবির সহযোগী বিজ্ঞানী ফাহমিদা চৌধুরী জানান, এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস ইনফ্লুয়েঞ্জার মৌসুম, আর জুন-জুলাইয়ে সংক্রমণ সবচেয়ে বেশি হয়।
তিনি বলেন, পাঁচটি গোষ্ঠী ইনফ্লুয়েঞ্জার ঝুঁকিতে বেশি থাকে—স্বাস্থ্যকর্মী, গর্ভবতী নারী, পাঁচ বছরের কম বয়সী শিশু, একাধিক দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তি এবং ৬০ বছরের বেশি বয়সীরা।
মার্চে টিকা নেওয়ার পরামর্শ
সেমিনারে ইনফ্লুয়েঞ্জা টিকাদান নিয়ে দীর্ঘ আলোচনা হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা অন্তত ঝুঁকিপূর্ণ পাঁচ গোষ্ঠীকে টিকার আওতায় আনার ওপর জোর দেন। তবে দেশের সব মানুষকে টিকা দেওয়া নিয়ে মতভিন্নতা দেখা যায়—কেউ কেউ বলেন প্রতিবছর টিকা প্রয়োজন, যা বিপুল অর্থের প্রয়োজন তৈরি করবে; আবার কারও মত, সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) একে অন্তর্ভুক্ত করা যৌক্তিক হবে না।
আইসিডিডিআরবির বিজ্ঞানী ফাহমিদা চৌধুরী বলেন, মৌসুম শুরুর এক মাস আগে টিকা নেওয়া উচিত—সেই হিসাবে মার্চ মাসই ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়ার উপযুক্ত সময়।
বাড়ছে বার্ড ফ্লু
নজরদারিতে দেখা গেছে, দেশে বার্ড ফ্লু বাড়ছে। দুই প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীরা এ বিষয়ে সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দিয়েছেন।
বাংলাদেশে প্রথম মানবদেহে বার্ড ফ্লু শনাক্ত হয় ২০০৮ সালে। এরপর থেকে এ পর্যন্ত মোট ১৬ জন বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন—১৪ জন পুরুষ, দুজন নারী। এর মধ্যে ১১ জনই শিশু, আর দুজনের মৃত্যু হয়েছে।
গবেষকরা জানান, বার্ড ফ্লুর সংক্রমণ ক্রমেই বাড়ছে। ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে আটজন আক্রান্ত হন, আর ২০২৫ ও ২০২৬ সালে আরও আটজন শনাক্ত হয়েছেন—প্রতি বছর চারজন করে। মূলত হাঁস-মুরগি থেকেই এই বার্ড ফ্লু ছড়াচ্ছে বলে জানা গেছে।
অনুষ্ঠানের সভাপতি ও আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জাকির হোসেন হাবিব বলেন, হাসপাতালগুলোতে অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহার লক্ষ করা গেছে, যা নিয়ে সতর্ক থাকা এবং যৌক্তিকভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি। এ ছাড়া বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স বিভাগের মহাপরিচালক সৈয়দা জেসমিন সুলতানা, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সিডিসি কর্মকর্তা মনোয়ার মোরশেদ এবং ডব্লিউএইচওর জরুরি চিকিৎসা কর্মকর্তা আইরিন ইসিবর।
তথ্যসূত্র: আইইডিসিআর ও আইসিডিডিআরবি আয়োজিত সেমিনার
এই বিভাগের আরও খবর
সর্বাধিক পঠিত
- সাতক্ষীরা জেলার দুজন সাংসদকে মন্ত্রী দাবি
- বড় চমক থাকছে মন্ত্রিসভার প্রথম বৈঠকে
- একাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি
- ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডোর হয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি
- চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্কের পরিমাণ বৃদ্ধি
- ঘুরে আসুন সাদা পাথরের দেশে
- ঘুরে আসুন সিকিম
- শেখ হাসিনার যত রেকর্ড
- অ্যাশ-ম্যাশের স্বাগত খুনসুটি
- ভোটারদের সঙ্গে সালমানের শুভেচ্ছা বিনিময়